ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং ফারজানার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছিলেন ফারজানা হক পিংকি। তবে ১০২ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।
বাংলাদেশ আট উইকেটে হেরে যাওয়ায় ফারজানার দুর্দান্ত ইনিংসটি কোনো কাজে আসেনি। দলকে জেতাতে না পারলেও ব্যক্তিগত লাভ হয়েছে ফারজানার। সেই ইনিংসটির সৌজন্যে আজ প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার।
সেটিও বাংলাদেশের নারী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। ফারজানার ক্যারিয়ারেরও সেরা। দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন এই ওপেনার। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান সেরা ২০-এর মধ্যে নেই।
ফারজানা ছাড়াও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রিতু মনির। ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে ৬৮ নম্বরে আছেন তিনি। আর বোলিংয়ে চার ধাপ এগিয়ে ৯০ নম্বরে উঠে এসেছেন রিতু। চার ধাপ এগিয়েছেন রাবেয়া খানও। র্যাঙ্কিংয়ের ৫২ নম্বরে আছেন এই লেগ স্পিনার।
