সপরিবারে সৌদি আরবে মেসি!
লিওনেল মেসি আগামী মৌসুমে কোথায় খেলবেন সেটি এখনো নিশ্চিত নয়। পিএসজির সঙ্গে চুক্তির বাকি মাত্র মাসখানেক। এখনো নবায়ন করেননি সেটি। বার্সেলোনা সমর্থকদের মনে ক্ষীণ আশা জেগেছে, ঘরের ছেলে ফিরবেন ঘরে।
এদিকে সৌদি আরবের ক্লাব আল-হিলাল থেকেও নাকি মেসির কাছে বছরে চার হাজার কোটি টাকার প্রস্তাব এসেছে। এমন গুঞ্জনের মাঝেই মেসি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সৌদি আরবের প্রশংসা করে।
না, মেসি সৌদি আরবে খেলতে যাচ্ছেন তা নয়। আসল ঘটনা অন্য, আর্জেন্টাইন জাদুকর আগে থেকেই সৌদি আরবের পর্যটনের শুভেচ্ছা দূত। সেই চুক্তির অংশ হিসেবেই দেশটিতে পর্যটকদের ভ্রমণ করতে উৎসাহিত করতে মেসির এই প্রচারণা।
এবার আরো এক ধাপ এগিয়ে পরিবার নিয়ে সৌদি আরব ভ্রমণে চলেই গিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। টুইটারে তার ঘুরাঘুরির ছবিও পাওয়া যাচ্ছে।
সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব টুইট করেছেন, 'আমি অত্যন্ত খুশির সঙ্গে সৌদি আরবের পর্যটনদূত মেসি আর তাঁর পরিবারকে সৌদি আরবে স্বাগত জানাচ্ছি।' মেসি আর তাঁর পরিবার দ্বিতীয়বারের মতো সৌদি আরবে ছুটি কাটাতে এসেছে। এর আগে ২০২২ সালে সৌদি আরবে গিয়েছিলেন মেসি।
এমন একটা সময়ে মেসি সৌদিতে গেলেন, যখন ফুটবল বিশ্বে মেসির ভবিষ্যৎ নিয়ে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই বলছেন, প্যারিসে মন বসছে না মেসির। পিএসজির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনে।
