সাকিবের ছুটি মঞ্জুর
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এই মাসের শেষে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ। এই সফরে সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রে তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে ছুটি চেয়েছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। তার ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। এ বিষয়ে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, 'সে তো যাচ্ছে না, নিউজিল্যান্ডে না যাওয়ার জন্য সে চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।'
বাঁ ঊরুর পেশীতে টান পড়ায় চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন মাঠ ছাড়েন সাকিব। এরপর পর আর মাঠে নামা হয়নি তারর। চোটের কারণে ঢাকা টেস্টেও খেলছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। আগামী মার্চে নিউজিল্যান্ড সফরেও সাকিবকে দলে পাচ্ছে না বাংলাদেশ।
নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের কোয়ারেন্টিনের পর কুইন্সটাউনে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। ২০, ২৩ ও ২৬ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। ম্যাচ তিনটির ভেন্যু ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি দিবা-রাত্রির হবে।
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
