শেষ ম্যাচেও টস হারল বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন
তিন ফরম্যাট মিলিয়ে সাতটি ম্যাচ। আগের ছয়টি ম্যাচে মাত্র দুটিতে টস জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে শেষ ম্যাচেও টস ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। সিরিজের তৃতীয় ও টেস্ট টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।
হারারে স্পোর্টস ক্লাবে বেলা সাড়ে ৪টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মাহেদী হাসানের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। বিশ্রামেই রাখা হয়েছে লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকে। জিম্বাবুয়ের একাদশ অপরিবর্তিত আছে।
একমাত্র টেস্টের পর ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে বড় জয় পায়। দ্বিতীয় ম্যাচটি জেতে স্বাগতিকরা। জিম্বাবুয়ের সামনে প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ। একটির বেশি টি-টোয়েন্টি ম্যাচের কোনো সিরিজে কখনই জেতেনি দলটি।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা, টাডিওয়ানাশে মারুমানি, মিল্টন শুস্বা, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা।
