মিরপুর থেকে সরিয়ে ফেলা হলো সাকিবের ছবি
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ আছেন সাকিব আল হাসান। দ্বিতীয় বছর স্থগিত নিষেধাজ্ঞা হলেও প্রথম এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না দেশসেরা এই অলরাউন্ডার। প্রথম এক বছর মাঠের বাইরেই থাকতে হবে তাকে।
ক্রিকেট ব্যস্ততা না থাকায় বিভিন্ন বিজ্ঞাপনী কাজ করছেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) পণ্যদূত হিসেবে কাজ করে আসছেন। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজেরও স্পন্সর এসএমসি। এ কারণে মাঠের মধ্যে সাকিবের ছবিযুক্ত বেশ কয়েকটি বিজ্ঞাপনী ছাতা ব্যবহার করা হয়েছিল।
অন্যান্য স্পন্সর কোম্পানির ছাতা থাকলেও সাকিবের ছবি সম্বলিত ছাতাগুলো সরিয়ে ফেলা হয়েছে। যদিও প্রথম দুদিন বিষয়টি নজরে আসেন বিসিবির। রোববার সাকিবের ছবিযুক্ত ছাতা সংশ্লিষ্টদের নজরে পড়তেই সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
সাকিবের করা এসএমসির বিজ্ঞাপনের একটি বড় ব্যানারও ছিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে। সেটাও সরিয়ে ফেলা হয়েছে।
ছাতা খুলে নেওয়ার দায়িত্বে থাকা এক মাঠকর্মী বলেন, 'আমরা কারণ জানি না। আমাদের শুধু সাকিব আল হাসানের ছবি সম্বলিত ছাতাগুলো খুলে নেওয়ার কথা বলা হয়েছে। আমরা সেটাই করেছি।'
সাকিবের ছবিযুক্ত বিজ্ঞাপন সরিয়ে ফেলার কারণ হিসেবে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, 'সাকিব বর্তমানে নিষিদ্ধ আছেন। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে; আইসিসির কমিটমেন্টেরও ব্যাপার আছে। সব মিলিয়ে বিষয়টি স্পর্শকাতর। এ কারণেই আসলে এমন সিদ্ধান্ত।'
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আরও একটু পরিস্কারভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, 'নিষিদ্ধ কোনো খেলোয়াড়ের বিজ্ঞাপন আন্তর্জাতিক ম্যাচে করা যাবে না। (সাকিবের ছবি সম্বলিত ছাতা সরানোর) কারণ এটাই হতে পারে। তবে নিশ্চিত করে বলতে পারছি না।'
গত ২৯ অক্টোবর সাকিবকে দুই বছরের জন্য (এক বছর স্থগিত নিষেধাজ্ঞা) নিষিদ্ধ করে আইসিসি। আগামী ২৯ অক্টোবর শেষ হবে তার নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার কারণে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না সাকিব।
