মিরপুরের পরিবর্তনে বিস্মিত আরভিন
মিরপুরের উইকেট কেমন হবে, তা কেউ জানে না- এই কথাটা বেশ পুরনো। বাংলাদেশের অনেক ক্রিকেটারকেই এভাবে বলতে দেখা গেছে। মিরপুরের উইকেটের এই অতি বৈচিত্রতার কথা জানা আছে বিদেশি অনেক ক্রিকেটারেরও। কিন্তু হঠাৎ-ই যেন বদলে গেছে এখানকার উইকেট; লম্বা সময় ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেওয়া জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনের কাছে এমনই মনে হচ্ছে।
২২ ফেব্রুয়ারি শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। ৬৪ রান করেছেন ওপেনার প্রিন্স মাসভাউরে। এরপর জিম্বাবুয়ের বাকি ব্যাটসম্যানরা যখন আসা-যাওয়ার মিছিলে, তখন একাই দলকে টেনে নিয়ে গেছেন অধিনায়ক আরভিন। ২২৭ বলে ১৩টি চারে ১০৭ রানের মহাকার্যকর এক ইনিংস খেলেছেন এই বাঁহাতি।
মিরপুরের উইকেটে ব্যাটিং করে মজা পেয়েছেন আরভিন। জিম্বাবুয়ের অধিনায়ক বলছেন, ‘উইকেট দারুণ ছিল, উইকেট দেখে আমরা খুবই বিস্মিত। সাধারণত ঢাকার উইকেট সম্পর্কে সবাই বলে, আপনি জানেন না কেমন উইকেট পেতে যাচ্ছেন। আমার মনে হয়ে এটা খুবই ভালো উইকেট এবং এ কারণেই বাংলাদেশ আমাদের চেয়ে কিছুটা এগিয়ে আছে।’
উইকেটের কারণেই বাড়তি কিছু শট খেলার সাহস পেয়েছেন বলে জানিয়েছেন আরভিন। তিনি বলেন, ‘হয়তো উইকেট বেশি ভালো থাকায় বাড়তি কিছু শট খেলার কথা ভাবতে পেরেছি। তবে আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলে স্কোরকার্ডে রান জমা করতে চেয়েছি।’
শুরুতেই উইকেট হারানো জিম্বাবুয়ে মূলত আরভিনের ব্যাটেই লড়েছে। মাসভাউরে আউট হওয়ার পর দলকে পথ দেখাতে ব্যর্থ হন ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজারা। কিন্তু এক পাশ আগলে রেখে নেতার মতো খেলে গেছেন আরভিন। ৬ উইকেটে ২২৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা।
