বোলিংয়েও ছন্দময় সাকিব, ব্যাটিংয়ে ফিরলেন তামিম
লম্বা সময় ধরে অফ ফর্মে সাকিব আল হাসান। ব্যাটে-বলে আগের মতো করে আলো ছড়ানো হচ্ছে না বাঁহাতি এই অলরাউন্ডারের। জিম্বাবুয়ে সফরে নিজের চেনা ছন্দে ফিরবেন সাকিব, এমন আশার কথা শুনিয়েছিলেন জাতীয় দলের নির্বাচকরা। প্রথম টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে সেই আভাসই মিললো। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলার পর বল হাতেও ছন্দময় সাকিবকে দেখা গেল।
জিম্বাবুয়ের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রথম দিন ব্যাটিং প্রস্তুতি সারে বাংলাদেশ। সাদমান ইসলাম ছাড়া সবাই রানের দেখা পান। সাকিব খেলেন ৫৬ বলে ৭৪ রানের ইনিংস। হাফ সেঞ্চুরি করেন সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত। রানের দেখা পান লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদরাও।
দ্বিতীয় দিন বোলিং প্রস্তুতিও দারুণ হলো বাংলাদেশের। জিম্বাবুয়েকে ২১০ রানেই অলআউট করে দিয়েছেন সাকিব, মিরাজ, তাসকিনরা। ব্যাটিংয়ে ছন্দ ফিরে পাওয়া সাকিব বোলিংয়েও ভালো প্রস্তুতি সেরে নিয়েছেন। বাঁহাতি এই অভিজ্ঞ স্পিনার ১২.৫ ওভারে ৩৪ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন।
আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজও ভুগিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। ডানহাতি এই অফ স্পিনার ১৬ ওভারে ৬৪ রান খরচায় ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন তরুণ পেসার শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের আটজন ব্যাটসম্যান ব্যাটিং করলেও তামিম ইকবাল ব্যাটিং করেননি। দ্বিতীয় ইনিংসে কিছুটা সময় ব্যাটিং করেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার। ৩০ বলে ৪টি চারে ১৮ রানে অপরাজিত থাকেন তিনি। ব্যাটিং করলেও প্রথম টেস্টে তামিমের খেলা নিয়ে সংশয় এখনও কাটেনি। ঢাকা প্রিমিয়ার লিগ খেলাকালীন ডান হাঁটুতে চোপ পান তিনি।
জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজ শুরু হবে ৭ জুলাই। এদিন মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।
