বিশ্বকাপ শুরুর তিন দিন পর নিয়ম বদল, বাংলাদেশ যাবে কোন গ্রুপে?
প্রথম রাউন্ড পেরোতে পারলেই বাংলাদেশ হবে 'বি-১'। একইভাবে শ্রীলঙ্কা হবে 'এ-১'। দুই মাস আগে (১৭ আগস্ট) বিশ্বকাপের সূচি ঘোষণার বিজ্ঞপ্তিতে এটা জানিয়েছিল আইসিসি। কিন্তু টুর্নামেন্ট শুরুর তিন দিন পর এই নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি।
একটু দেরিতে হলেও নিজেদের ভুল বুঝতে পেরেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বুধবার আইসিসিই জানিয়েছে, এই নিয়ম ঠিক নয়। নতুন নিয়ম অনুযায়ী প্রথম রাউন্ডের চ্যাম্পিয়ন ও রানার্সআপের ভিত্তিতে সুপার টুয়েলভের দল নিশ্চিত হবে।
আগের নিয়ম অনুযায়ী প্রথম রাউন্ড উতরাতে পারলে বাংলাদেশের যাওয়ার কথা ছিল গ্রুপ '২'- এ। যেখানে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান। কিন্তু এটা এখন নিশ্চিত নয়। সুপার টুয়েলভে বাংলাদেশ কোন গ্রুপে যাবে, সেটা নির্ভর করছে প্রথম রাউন্ডে তাদের অবস্থানের ওপর।
গত ১৭ অক্টোবর পাঠানো আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, 'যদি শ্রীলঙ্কা এবং বাংলাদেশ প্রথম রাউন্ড পেরোতে পারে, তারা সুপার টুয়েলভে যথাক্রমে 'এ-১ এবং 'বি-১' হবে। সুপার টুয়েলভে প্রতিটি গ্রুপের সেরা দুই দল নকআউট পর্বে খেলবে। খেলা হবে 'এ-১' বনাম 'বি-২' এবং 'বি-২' বনাম 'এ-১' এর মধ্যে।'
কিন্তু টুর্নামেন্টের তিন দিন পেরিয়ে যাওয়ার পর আইসিসি বলছে, আগের নিয়ম থাকছে না। বিবৃতিতে জানানো হয়েছে, 'প্রথম রাউন্ডের সেরা দল 'এ-১' এবং 'বি-১ হবে। একইভাবে রানার্সআপ দল 'এ-২' এবং 'বি-২' হবে।
প্রথম রাউন্ডে 'বি' গ্রুপে বাংলাদেশের নেট রান রেট সবচেয়ে কম। স্কটল্যান্ডের বিপক্ষে ওমান জিতলে এবং বাংলাদেশ পাপুয়া নিউ গিনিকে হারালে তিন দলের পয়েন্ট হবে সমান। রানে রেটে তখন রানার্স আপ হওয়ার সম্ভাবনাই বেশি বাংলাদেশের। সেটা হলে গ্রুপ '১'- যাবে বাংলাদেশ। যেখানে থাকবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন।
