পিছিয়ে গেল বাংলাদেশের আরব আমিরাত যাত্রা
ওমান 'এ' দলের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ প্রস্তুতি হয়েছে বাংলাদেশের। আগে ব্যাটিং করে ২০৭ রান তোলা বাংলাদেশ স্বাগতিকদের ১৪৭ রানেই গুটিয়ে দেয়। আজ ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দলের। কিন্তু বাংলাদেশের যাত্রার সময় একদিন পেছানো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে ১০ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ । আইসিসি সূচিতে পরিবর্তন এনেছে।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাথে থাকা বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেন, 'কোভিড বিবেচনায় ৯ অক্টোবরের চার্টার্ড ফ্লাইটটি ১০ অক্টোবর পুননির্ধারণ করেছে আইসিসি এবং এখন তিনটি দল (বাংলাদেশ, ওমান এবং শ্রীলঙ্কা) একই ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতে যাবে।'
ওমান থেকে চার্টার্ড ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। একই ফ্লাইটে যাবে শ্রীলঙ্কা ও ওমান ক্রিকেট দল। রোববার সন্ধ্যায় ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতর বিমানে উঠবে বাংলাদেশ দল। ওমানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) বিমান ছাড়ার সূচি রয়েছে।
যাত্রা পিছিয়ে যাওয়ায় সোমবার অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। রোববার গিয়ে সোমবার কোয়ারেন্টিন করে ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে একদিন বিরতি দিয়ে ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচ শেষে ১৫ অক্টোবর আবারও ওমান ফিরবে বাংলাদেশ। ১৬ অক্টোবর অনুশীলনের পর ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি।
রিজার্ভ: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।
