শামীম-মেহেদিকে ফেরালেন জ্যাম্পা, দিশেহারা বাংলাদেশ
৩৩ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও শামীম হোসেন পাটোয়ারী। তাদের ব্যাটে ১০ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৮ রান।
কিন্তু এই জুটি ভেঙে আবারও বাংলাদেশের চাপ বাড়ালেন অ্যাডাম জ্যাম্পা। অজি লেগ স্পিনার ফিরিয়ে দিয়েছেন শামীমকে। পরের বলে শেখ মেহেদি হাসানের উইকেটও তুলে নিয়েছেন তিনি। ১১ ওভার শেষে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬২ রান। উইকেটে আছেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও তাসকিন আহমেদ।
জ্যাম্পার শিকার আফিফ, বাংলাদেশ ৫/৩৩
শেষটা ভালো করার আশা নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সে আশায় গুড়েবালি। ৩৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে দলটি। সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন আফিফে হোসেন ধ্রুব। তাকে সাজঘর দেখিয়ে দেন অজি লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। উইকেটে আছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও শামীম হোসেন পাটোয়ারী।
নাঈমও সাজঘরে, পাওয়ার প্লেতেই নেই ৪ উইকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক উইকেট হারিয়ে যাচ্ছে বাংলাদেশ। ৬ ওভারের মধ্যেই ফিরে গেছেন ৪ জন ব্যাটসম্যান, রান এসেছে ৩২। নাঈম শেখকে সাবলীল দেখাচ্ছিল, কিন্তু তিনিও ১৭ রান করে ফিরে গেছেন। উইকেটে আছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব।
সৌম্য-মুশফিকেরও বিদায়, শুরুতেই অন্ধকারে বাংলাদেশ
শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া বাংলাদেশকে আরও ভঙ্গুর দেখাচ্ছে। প্রথম ওভারেই লিটন দাসকে হারানো দলটি দ্বিতীয় ওভারে সৌম্য সরকারকেও হারায়। অজি পেসার জশ হ্যাজেলউডের দারুণ এক ডেলিভারি উপড়ে নেয় সৌম্যর স্টাম্প। লিটনের মতো সৌম্যও ইনসাইড এজে আউট হন।
তৃতীয় ওভারে মুশফিকুর রহিমকে ফিরিয়ে দিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল। নাঈম শেখের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৩ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ, স্কোরকার্ডে যোগ হয়েছে মাত্র ১০ রান।
তৃতীয় বলেই নেই লিটন
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। ইনিংস প্রথম ওভারেই ফিরে গেছেন লিটন কুমার দাস। অজি পেসার মিচেল স্টার্কের বল খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে স্টাম্প ভেঙে যায় লিটনের।
রানের খাতাই খোলার সুযোগ পাননি তিনি। প্রথম বলেই আউট হয়ে যান তিনি। উইকেটে নাঈম শেখের সঙ্গে যোগ দিয়েছেন সৌম্য সরকার। প্রথম ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২ রান।
