টি-টোয়েন্টি দলে এক নতুন মুখ, ফিরলেন মুশফিক-সাইফউদ্দিন
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার বঙ্গবন্ধু বিপিএলে বল হাতে নজর কেড়ে জাতীয় দলে জায়গা করে নিলেন। বঙ্গবন্ধু বিপিএলে ১৩ ম্যাচে ৬ উইকেট নেন তিনি। উইকেটে আহামরি পারফরম্যান্স মনে না হলেও ইকোনমিতে দারুণ ছিলেন নাসুম। বেশিরভাগ সময় পাওয়ার প্লেতে বল করা নাসুমের ইকোনমি ছিল ৭.২৬।
পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়া মুশফিকুর রহিম জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির দলে ফিরেছেন। সর্বশেষ গত বছর ত্রিদেশীয় সিরিজ খেলা মোহাম্মদ সাইফদ্দিন ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেও ফিরেছেন।
দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন ও পেসার রুবেল হোসেন। এই তিনটি পরিবর্তনই আনা হয়েছে দলে।
৬ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সফরকারী দলটির বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ৯ ও ১১ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ দুটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
