জিম্বাবুয়ে গেল বাংলাদেশ দল
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়েন মুমিনুল হক-তামিম ইকবালরা। তিন ভাগে ভাগ হয়ে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ।
প্রথম দফায় টেস্ট দলের থাকা ১৮ ক্রিকেটার ও স্টাফরা যাচ্ছেন। শুধু ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা আগামী ৯ জুলাই রওনা দেবেন। টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা যাবেন আগামী ১৬ জুলাই। দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকেই জিম্বাবুয়ে যাবেন।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের কোচিং স্টাফদের সবাই থাকবেন। পরিবারিক কারণে শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না ফিল্ডিং কোচ রায়ান কুক ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। জিম্বাবুয়ে সফরে এ দুজনকে পাওয়া যাচ্ছে। দল পৌঁছানোর দিন কোচিং স্টাফদের সবাই পৌঁছে যাবেন জিম্বাবুয়েতে।
প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, রায়ান কুক ও ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পাওয়া অ্যাশলে প্রিন্স জোহানেসবার্গ থেকে জিম্বাবুয়ে যাবেন। ওটিস গিবসন যাবেন ইংল্যান্ড থেকে। এ ছাড়া স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া রঙ্গনা হেরাথ বাংলাদেশ দলের যাত্রাপথে দোহায় যোগ দিয়ে জিম্বাবুয়ে যাচ্ছেন।
জিম্বাবুয়ে সফরে কোনও কোয়ারেন্টাইন করতে হবে না বাংলাদেশ দলকে। পৌঁছানোর পরের দিন থেকেই অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা। তবে প্রত্যেকের কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে। এ জন্য ২৭ জুন করোনা পরীক্ষার নমুনা দেন ক্রিকেটাররা, সবার ফলই নেগেটিভ এসেছে।
জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে পৌঁছে কয়েকদিন অনুশীলনের পর ৩ ও ৪ জুলাই দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৭ জুলাই। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।
টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
দলে ফিরেছেন: সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বাদ পড়েছেন: মোহাম্মদ মিঠুন।
