জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে অনেক পরিবর্তন
শনিবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। এই টেস্টের পর সিলেটে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। আসন্ন এই সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতির আগের ঘোষণা অনুযায়ী মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক হিসেবে রেখে ১৪ সদস্যের দল গড়া হয়েছে।
দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। আগের ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাতজন। ফিরেছেন পাঁচজন। এ ছাড়া নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন দু'জন।
ইনজুরি কাটিয়ে পাঁচ মাস পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলের হয়ে খেলেন তরুণ এই অলরাউন্ডার। ওয়ানডে দলে আরও আগে খেলেছেন তিনি। বিশ্বকাপের পর বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে গেলেও ইনজুরির কারণে যাওয়া হয়নি সাইফউদ্দিনের।
এ ছাড়া ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও আল আমিন হোসেন। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরলেন আল আমিন হোসেন। ডানহাতি এই পেসার সর্বশেষ ২০১৫ সালে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন। নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ।
সর্বশেষ ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাতজন কয়েকজন। সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, ফরহাদ রেজাদের বিবেচনা করা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে।
তবে আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ে উপলক্ষে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সৌম্য সরকার আগে থেকেই ছুটিতে আছেন।
দল চূড়ান্ত করতে শনিবার দুপুরে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে বৈঠকে বসেছিলেন বিসিবির দায়িত্বশীল পাঁচ কর্তা। বৈঠকে ছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, বিসিবির দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার।
সাত মাস পর ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সর্বশেষ গত বছরের জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলটি। তামিম ইকবালের নেতৃত্বে তিন ম্যাচের ওই সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
