চাপে নেই মুমিনুল ও তার দল
ঘরের মাঠেই বেহাল দশা হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডে দুঃস্বপ্নের সময় কাটে। ভিন্ন ফরম্যাট হলেও বাংলাদেশের কোনো ক্রিকেটারই ব্যাটে-বলে ছন্দে ছিলেন না। পুরো সফরে ক্যাচ মিসের মহড়া দেওয়া বাংলাদেশ সবগুলো ম্যাচে হার মানে।
এমন সিরিজের পর যে কোনো দলই মানসিক দিক থেকে খারাপ অবস্থায় থাকে। সেদিক থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলেরও চাপে থাকার কথা। অধিনায়ক হিসেবে মুমিনুল হকেরও নির্ভার থাকার সুযোগ কম। তবে প্রথম টেস্ট শুরুর আগের দিন মুমিনুল জানালেন, চাপে নেই তিনি। এমনকি তার দলও চাপে নেই।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন দলের মানসিক অবস্থান, লক্ষ্যসহ অনেক কিছু নিয়েই কথা বলেন মুমিনুল।
ফল ও চাপের প্রশ্নে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, 'আমি তো কোনো চাপে নেই। আমার দলও কোনো চাপে নেই। আমরা এখানে এসেছি ম্যাচ জেতার জন্য। পুরোপুরি চেষ্টা করব ম্যাচ জেতার, এটাই। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। আমরা শেষ দুটি টেস্ট ভালো খেলতে পারিনি। কিন্তু আগেও বলেছি- ক্রিকেটে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই। যদি প্রক্রিয়া ঠিক থাকে, পাঁচ দিন ভালো খেলি, ইনশা আল্লাহ জয় পাব।'
যদিও সফরে যাওয়ার সময় জয়ের কথা মুখে আনার সাহস দেখাননি মুমিনুল। তখন বলেছিলেন, 'ভালো খেললে ড্র করা যাবে, জয় পাওয়াও সম্ভব।' শ্রীলঙ্কায় অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ দিয়ে মুমিনুলরা যে দলে আত্মবিশ্বাস ফিরিয়েছেন, সেটা তার কথাতেই স্পষ্ট। যদিও মুমিনুলের কণ্ঠে অপর্যাপ্ত প্রস্তুতির আক্ষেপ।
বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, 'বলব না খুব ভালো প্রস্তুতি হয়েছে। তবে এখনকার পরিস্থিতি অনুযায়ী ভালো প্রস্তুতিই হয়েছে। প্রস্ততি ম্যাচ খেলেছি, অনুশীলন করেছি। দেশের জন্য আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে কিছু পরিস্থিতি আসবে, যেখানে আপনাকে মানসিক ও শারীরিকভাবে মানিয়ে নিতে হবে। এসব নিয়ে বেশি চিন্তা না করে যদি ভালো করার ব্যাপারে আশাবাদী থাকে, এটাই গ্রহণযোগ্য হবে।'
এই সিরিজে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। আইপিএল খেলতে ছুটি নিয়েছেন তিনি। বাঁহাতি অলরাউন্ডারকে মিস করবেন জানিয়ে মুমিনুল বলেন, 'সে বিশ্বসেরা অলরাউন্ডার। যেকোনো ফরম্যাটে অনেক কার্যকরী ক্রিকেটার। আমার দলের ক্ষেত্রেও তাই। তিনি দলে না থাকলে কম্বিনেশন নিয়ে কিছুটা সংগ্রাম করতে হয়। অবশ্যই আমরা তাকে মিস করব। তবে দলে যারা আছে, সবার ভালো করার সামর্থ্য আছে। তার জায়গায় যেই আসবে, তার জন্য দলে অবদান রাখার এটা ভালো সুযোগ।'
