ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল
মঙ্গলবার বিকালে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ সফরের পর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গিয়ে পৌঁছেছেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা। স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দল। বিষয়টি জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
বিমান বন্দর থেকে সরাসরি হোটেলে চলে গেছে বাংলাদেশ। ১৪ দিনের কোয়ারেন্টিনের প্রথম সাত দিন পুরোপরি আইসোলেশনে থাকতে হবে বাংলাদেশ দলের সবাইকে। তিন দিন আইসোলেশনের পর বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারবেন।
কোয়ারেন্টিন শেষে পুরোদমে অনুশীলনের সুযোগ মিলবে। এরপর কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্প করার কথা বাংলাদেশের। যদিও এই সম্ভাবনা কমে এসেছে। ক্যাম্প না হলে বাকি কদিন অনুশীলন করে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।
এই সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচটি হবে দিবা-রাত্রির। ২৬ মার্চ ওয়েলিংটনে শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে টি-টোয়েন্টিতে লড়বে দুই দল। বাংলাদেশ সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল। সেবার ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার কারণে সফর শেষ না করেই দেশে ফিরে এসেছিল বাংলাদেশ দল।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নাঈম সেখ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদ।
