অল্প বয়সে খেলা যাবে না আন্তর্জাতিক ক্রিকেট!
আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করার জন্য নূন্যতম বয়সসীমা বেঁধে দিল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, চাইলেই আর কম বয়সী কোনো ক্রিকেটারকে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামাতে পারবে না কোনো দেশ।
যদিও অভাবনীয় প্রতিভাদের জন্য অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশের রাস্তা একেবারে বন্ধ করে দেওয়া হয়নি। তবে সেক্ষেত্রে আইসিসির বিশেষ অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট দেশকে।
এবার থেকে ১৫ বছর বয়স হলে তবেই আন্তর্জাতিক মঞ্চে মাঠে নামতে পারবেন ক্রিকেটাররা। শুধু টি-২০, ওয়ান ডে বা টেস্টের জন্যই নয়, একই নিয়ম প্রযোজ্য অনূর্ধ্ব-১৯ পর্যায়েও। আইসিসির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তার খাতিরে যে কোনো আইসিসি ইভেন্ট-সহ ছেলে ও মেয়েদের দ্বি-পাক্ষিক সিরিজ এমনকি অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও ১৫ বছরের কম বয়সীরা মাঠে নামতে পারবেন না।
উল্লেখ্য, এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার জন্য কোনো নূন্যতম বয়সসীমা নির্ধারিত ছিল না। অবশ্য আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা বেঁধে দেয়নি।
১৯৯৬ থেকে ২০০৫ সালের মধ্যে পাকিস্তানের হয়ে ৭টি টেস্ট ও ১৬টি ওয়ান ডে খেলা হাসান রাজার দখলে রয়েছে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশের রেকর্ড। ডানহাতি পাক ব্যাটসম্যান ১৪ বছর ২২৭ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার মাঠে নামেন।
