ফল প্রকাশের দাবিতে রাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অনশন
নির্দিষ্ট সময়ে ফল প্রকাশ না হওয়ায় অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (৩১ জুলাই) বেলা পৌনে ১১ টা থেকে বিভাগের শিক্ষার্থীরা শিরাজী কলা ভবনের অফিসের সামনে অনশন শুরু করেন। এসময়ে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন তার কক্ষে ছিলেন।
অনশনে বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষ থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীদের একজন জানান, চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে ৬ মাস আগে, কিন্তু এখনও সম্মান তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ এবং মাস্টার্স এর ফলাফল প্রকাশ করেনি বিভাগ।
যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের দাবি মানা না হবে এবং বিভাগ থেকে ফল প্রকাশের দিন ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জানান, একাডেমিক কমিটির সঙ্গে মিটিং ঠিক হয়েছে। এবং সমাধানে খুব দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।
১৯৭৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুযায়ী, পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার নির্দেশ আছে।
