জলের নলে মদের ধারা!
বাড়ির জলের নল থেকে অবিরত মদের প্রবাহ- প্রতিটি মাতালের বুনো কল্পনা হতে পারে এটা।
কিন্তু ভারতের কেরালা রাজ্যের চালকুডির একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের কাছে বাস্তবে পরিণত হয়েছিল এই ঘটনা। গত সোমবার তাদের পানির কল দিয়ে মদ মেশানো পানি বেরোতে থাকে, এতে আতংকিত হয়ে মিউনিসিপ্যালিটির লোকজনকে খবর দেন তারা।
পরে খোঁজ নিয়ে দেখা গেল, বাড়িটির পাশে একটি গর্তে ভারতে বানানো বিদেশী মদের প্রচুর পরিমাণে পুরাতন স্টক ফেলে দেওয়া হয়েছিল। পরে এই বাড়ির কুয়ায় চুঁইয়ে চুঁইয়ে পড়ে এই মদ। এর ফলেই পানির কল দিয়ে বাদামী দুর্গন্ধযুক্ত তরল বেরিয়ে আসে।
আবগারি খাতের এক কর্মকর্তা বলেন, “বিভিন্ন ব্র্যান্ডের মদের প্রায় ৪৫০টি মামলা ছিল আমাদের কাছে। আদালতের নির্দেশ অনুযায়ী সেগুলো ধ্বংস করে দিই আমরা। কিন্তু ব্যাপারটা যে এমন দিকে যাবে আমরা ভাবতেই পারিনি।”
এই অদ্ভুত কাণ্ড নিউ সলোমনের অ্যাপার্টমেন্টে বসবাসকারী ১৮টি পরিবারকে বিপদে ফেলে দিয়েছিল এক দিনের জন্য। ভেবে দেখুন, খাবার রান্না করবেন, কল খুলেই দেখলেন পচা মদ মেশানো পানি বেরিয়ে আসছে- কেমন লাগবে তখন?
যাই হোক, এই কর্মকর্তা জানালেন, তারা অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ব্যবহারের জন্য ৫ হাজার লিটার ক্ষমতার জলের ট্যাঙ্কের ব্যবস্থা করেছেন। আর সেই সঙ্গে কূপ পরিষ্কারের প্রক্রিয়া চলছে।
ইরিনজালাক্কুদার আবগারি কর্মকর্তারা ছয় বছর আগে একটি বার থেকে প্রায় ২,২০০ লিটার মদ জব্দ করেন।
সম্প্রতি স্থানীয় আদালতের নির্দেশ পাওয়ার পর তারা সেগুলো ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন। এজন্য বারের কাছে মাটিতে গর্ত খোঁড়েন। তারপর গত রোববার জব্দ করা মদ সেই গর্তে ফেলে দেন।
পরদিনই নিউ সলোমনের অ্যাপার্টমেন্টে বাসিন্দাদের দুর্দশার কথা শুনে আবগারি কর্মকর্তারা ছুটে যান এবং পদক্ষেপ গ্রহণ করেন। তারপর নিরাপদ পানীয় জল পাওয়ার জন্য তাদের সহায়তার আশ্বাস দেন এবং কূপটি পরিষ্কার করার প্রতিশ্রুতি দেন।
এদিকে চালকুডি পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তারা কোনো লিখিত অভিযোগ পায়নি।
