‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির
ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র হয়ে ওঠার প্রেক্ষাপটে উসকানিমূলক মন্তব্য করেছেন ইসরায়েলের কট্টর-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিব্রু ভাষায় সংক্ষিপ্ত একটি পোস্টে লেখেন, 'আজ রাতে তেহরানকে জ্বলতে হবে।'
এর আগে, ইরান থেকে উত্তর ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই হামলার পরই বেন-গভির এ মন্তব্য করেন, যা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
টেলিগ্রামে একাধিক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রোববার স্থানীয় সময় রাত ১০টার দিকে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফা হামলা চালানো হয়। এতে সারা দেশের বিভিন্ন স্থানে সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা 'এখন পর্যন্ত ইরান থেকে আসা সব মিসাইল রুখে দিয়েছে'। হামলার প্রায় এক ঘণ্টা পর হোম ফ্রন্ট কমান্ড বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থল থেকে বের হওয়ার পরামর্শ দেয়।
ইরানের গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি নিশ্চিত করেছে, তারা ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের 'টায়ার ও নাবাতিহ অঞ্চলের নিপীড়িত জনগণের ব্যাপক হত্যা ও বাস্তুচ্যুতির' জবাবে এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, 'আজ রাতের অভিযান ছিল একটি সতর্কবার্তা। যদি এই আগ্রাসনের পুনরাবৃত্তি হয়, তবে এর জবাব হবে আরও ব্যাপক এবং এই অঞ্চলের সমস্ত আমেরিকান-জায়নবাদী লক্ষ্যবস্তু এর অন্তর্ভুক্ত হবে।'
