যুক্তরাষ্ট্র বারবার আলোচনার মাঝপথে 'পেছন থেকে ছুরি মেরেছে’: মাখোঁকে পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে বলেন, ওয়াশিংটনের আচরণ 'কূটনীতির পথকে হুমকি, চাপ ও নিষেধাজ্ঞার দিকে ঘুরিয়ে দিয়েছে', এবং তেহরানের পক্ষে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা সম্ভব নয়। ইরানের রাষ্ট্রপতির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ইরান দুইবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে, 'এবং উভয় ক্ষেত্রেই আলোচনার পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানো হয়েছে। এ ধরনের আচরণ কার্যত "পেছন থেকে ছুরিকাঘাতের" মতো।'
পেজেশকিয়ান বলেন, কোনো কার্যকর আলোচনা হতে হলে যুদ্ধের অবসান এবং ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড পুনরায় চালানো হবে না—এমন নিশ্চয়তা প্রয়োজন।
তিনি সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ইরানের সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও অস্বীকার করেছেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী কোনো সামরিক পদক্ষেপ নিলে তারা স্পষ্টভাবেই নিজেদের অবস্থান ঘোষণা করে।
হরমুজ প্রণালি প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, দীর্ঘদিন ধরে ইরান এই জলপথের নিরাপত্তার রক্ষক হিসেবে ভূমিকা পালন করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড, বিশেষ করে নৌ অবরোধ, সেখানে স্থিতিশীলতা ব্যাহত করেছে।
তিনি বলেন, 'হরমুজ প্রণালি পুরোপুরি পুনরায় চালু করার বিষয়ে যেকোনো আলোচনা করতে হলে প্রথমে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে।'
বিবৃতি অনুযায়ী, মাখোঁ যুদ্ধবিরতির কাঠামোর প্রতি প্যারিসের সমর্থন প্রকাশ করেছেন এবং স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও লেবাননে ইসরাইলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল।
তিনি আরও বলেন, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়াকে এগিয়ে নিতে এবং সেই আলোচনায় অংশ নিতে ফ্রান্স প্রস্তুত রয়েছে।
