গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
ফিলিস্তিনের গাজায় বছরের পর বছর ধরে চালানো নৃশংসতার পর তেল আবিবের বৈশ্বিক ভাবমূর্তি নতুনভাবে গড়ে তুলতে ২০২৬ সালের জনকূটনীতি কার্যক্রমে প্রায় ৭৩০ মিলিয়ন অর্থাৎ ৭৩ কোটি ডলার ঢালছে ইসরাইল।
অনুমোদিত এই বাজেট গত বছরের ১৫ কোটি ডলারের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। আর ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর আগে এ খাতে বরাদ্দ ছিল প্রায় ৭০ লাখ থেকে ১ কোটি ডলারের মধ্যে।
'হাসবারা' নামে পরিচিত এই প্রচারণা আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান সমালোচনার মোকাবিলায় একটি উচ্চঝুঁকি পূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
একের পর এক জনমত জরিপে দেখা যাচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি সমর্থন কমে যাচ্ছে। অথচ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রকে ইসরাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করা হয়।
