বিঠোফেনের চুল নিয়ে গবেষণায় প্রমাণিত তার জিনগত রোগ ছিল!
মৃত্যুর কয়েক মাস আগে বিঠোফেন লিভার সমস্যা এবং হেপাটাইটিস বি জনিত ইনফেকশন সমস্যায় ভুগছিলেন বলে এক গবেষণায় প্রমাণিত হয়েছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একদল গবেষক বিঠোফেনের চুল বিশ্লেষণ করে বিখ্যাত জার্মান সুরকারের জিনোম সিকোয়েন্স করেছেন। তবে ঠিক কী কারণে তার শ্রবণশক্তি নষ্ট হয়েছিল তা বের করা যায়নি।
গবেষক দলের প্রধান ট্রিস্টান বেগ বলেন, জিনগত ঝুঁকির সাথে তার অতিরিক্ত মদ্যপান লিভার সমস্যার কারণ হতে পারে। বিঠোফেনের স্বাস্থ্য নিয়ে গবেষণার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের ব্যক্তিগত ও উন্মুক্ত সংগ্রহশালা থেকে তার চুল সংগ্রহ করেন আন্তর্জাতিক গবেষক দল।
সংগৃহীত আট 'লক' (একমুঠি চুল) চুলের পাঁচটি আসল বলে প্রমাণিত হয়েছে, যার সবগুলোই একজন ইউরোপীয় পুরুষের।
লুডভিগ ফন বিঠোফেন ১৭৭০ সালে জার্মানির বন শহরে জন্মগ্রহণ করেন এবং ১৮২৭ সালে ৫৬ বছর বয়সে ভিয়েনায় মৃত্যুবরণ করেন। এই প্রডিজি সুরকার ও পিয়ানিস্ট বেশ কয়েক ধাপে ধীরে ধীরে শ্রবণশক্তি হারাতে থাকেন, যেটি তার ২৫ থেকে ৩০ বছরের মধ্যে শুরু হয়। ১৮১৮ সালের মধ্যে তিনি পুরোপুরি বধির হয়ে যান।
ট্রিস্টান বেগ জানান, "যদিও তার সময়ের বিভিন্ন লেখকের লেখা সূত্র থেকে জানা যায়, তিনি উনবিংশ শতাব্দীতে ভিয়েনার প্রচলিত স্বাভাবিক পরিমাণেই মদ্যপান করতেন, তবে আধুনিক চিকিৎসা অনুযায়ী সেই পরিমাণও লিভারের জন্য ক্ষতিকর ছিল। যদি দীর্ঘ সময় ধরে তিনি এই পরিমাণ মদ্যপান করেন, তবে এই ঝুঁকির সাথে যুক্ত হওয়া তার নিজস্ব জিনগত ঝুঁকির কারণে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছিলেন।"
জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনিস্টিউট অফ এভোল্যুশনারি অ্যান্থ্রপোলজির ইয়োহানেস ক্রাউজে জানান, "আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না কী কারণে বিঠোফেন মারা গিয়েছেন, তবে তার শরীরে হেপাটাইটিস বি ইনফেকশনের উপস্থিতি এবং যথেষ্ট জেনেটিক ঝুঁকির প্রমাণ পাওয়া গিয়েছে। অন্যান্য কম সম্ভাবনাময় জেনেটিক ঝুঁকিকেও বাদ দিতে পারি আমরা।"
ইউনিভার্সিটি হসপিটাল অফ বনের ইনিস্টিউট অফ হিউম্যান জেনেটিক্সের ড. অ্যাক্সেল শ্মিড জানান, "বিঠোফেনের শ্রবণশক্তি হারানোর পেছনে জিনগত বৈশিষ্ট্যই রয়েছে তা প্রমাণ না করা গেলেও এই সম্ভাবনাকে একেবারে উড়িয়েও দেওয়া যায় না।"
বেগ জানান, "আমরা আশা করছি বিঠোফেনের জিনোম সিকোয়েন্স উন্মুক্ত করার মাধ্যমে অন্য গবেষকরাও বিঠোফেনের স্বাস্থ্য নিয়ে গবেষণা করতে পারবেন এবং এর ফলে তার স্বাস্থ্য ও জিন নিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তরও পাওয়া যাবে।"
সূত্র: বিবিসি
